একটা কথা প্রায়ই ভাবি, মানুষের বর্তমান অবস্থার জন্য সে নিজে কতোটা দায়ী, আর কতোটা সে পরিস্থিতির শিকার। আমি নিজে ভাগ্যে বিশ্বাসী, তবে ভাগ্য জিনিসটার সাথেও মনে হয় অনেকগুলো চলককে জুড়ে দেয়া যায়। এই চলকের সংখ্যা হয়তো অনেক; কিন্তু অসীম নয়, কারণ, অসীম বলে কিছু নেই, অসীম মূলত আমাদের অপারগতা; যেই সীমানাটাকে আমরা সংজ্ঞায়িত করতে অপারগ হই, তাকেই অসীমের মোড়কে সাজিয়ে মস্তিষ্কে জট লাগানোর হাত থেকে বাঁচি। বেঁচে থাকাই আমাদের সকল কর্মের মূল চালিকাশক্তি, তাই আমাদেরকে ওই অভিনয়টুকু নিজেদের কাছেই করতে হয়। এই অভিনয় করা বা করতে বাধ্য হওয়ার কারণে হয়তো কার্য-কারণ সম্পর্কের ঠিক তলানিতে পৌঁছা সম্ভব হয় না, অন্তত বর্তমান প্রযুক্তিতে সেটা সম্ভবপর নয়, এজন্যই ভাগ্য জিনিসটা এখনো রাজত্ব করে, বেনিফিট অফ ডাউট পাওয়া ব্যাটসম্যানও সেঞ্চুরি হাঁকায়, ফকিরের ঝাঁড়ফুঁক এখনো মহৌষধ হিসেবে বিবেচিত হয়।
» নোটিশ বোর্ড
প্রিয় কিছু লেখা
