পাঠকের প্রশ্ন, সম্পাদকের জবাব
প্রশ্ন: বিগত ফখরুদ্দীন আহমদের সরকারের আমলের উপদেষ্টাদের নামে যে ধরনের মামলা হচ্ছে, এগুলো কি কারও ক্ষোভের বহিঃপ্রকাশ? আর তাঁরা যদি দুর্নীতি করেও থাকেন, তাহলে অন্য সরকারের তুলনায় তা সামান্য নয় কি?
সোহেল রানা
rana_sr2001@yahoo.com
সম্পাদক: সরকারে থাকার কারণে যদি কেউ দুর্নীতি করে থাকেন, তবে প্রথমে তদন্ত করে দুর্নীতির প্রমাণ সাপেক্ষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর দুর্নীতি দুর্নীতিই; কোনটা বেশি, কোনটা কম তার তুলনা না করাই ভালো। সেটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে হলেও তা দুর্নীতিই।
প্রশ্ন: আবদুল গাফ্ফার চৌধুরীর সঙ্গে আপনাদের অসুবিধা কোথায়?
এস এম আমিনুল ইসলাম জনি
jonyjoyee@yahoo.com
সম্পাদক: শ্রদ্ধেয় সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী আমাদের কাগজে অনেক দিন লিখেছেন। একসময় তিনি নিজেই চিঠি লিখে প্রথম আলোতে লেখা বন্ধ করে দিয়েছিলেন। এরপর তিনি আর লেখেননি।
প্রশ্ন: আপনার পত্রিকার বিভিন্ন বিভাগে মেইল করে উত্তর পাওয়া যায় না কেন? যেমন, আমি বিনোদন বিভাগে দু-তিনটি মেইল করে কোনো উত্তর পাইনি। এতে আমি কষ্ট পেয়েছি। এবারের সিস্টেমটা অনেক ভালো হয়েছে।
মো. আসিফ সুলতান রাজু
fnf@ovi.com
সম্পাদক: প্রতিদিন আমাদের বিভিন্ন বিভাগে অনেক চিঠি ও ই-মেইল আসে। সময়ের অভাবে আপনাদের সব চিঠির জবাব দেওয়া সম্ভব হয় না। আশা করি, ভবিষ্যতে জবাব পাবেন। এ বিষয়ে আমরা সতর্ক হব।
প্রশ্ন: খোলা কলম পাতায় কি যে কেউ লেখা জমা দিতে পারেন?
সুমন
juelsher@yahoo.com
সম্পাদক: হ্যাঁ, যে কেউ লেখা পাঠাতে পারেন। ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপযুক্ত বিবেচনা করলে তা ছাপা হবে।
প্রশ্ন: আপনি সম্পাদকদের প্রশিক্ষণের কথা বলেছেন। কিন্তু আমাদের অধিকাংশ সংবাদপত্র যেখানে পুঁজিপতিদের ব্যবসায়িক হাতিয়ার এবং মালিক-সম্পাদক যেখানে পেশাদারিশূন্য; যেখানে সংবাদপত্র বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থে পরিচালিত, সেখানে সাংবাদিকদের পেশাদারির মূল্য কতটুকু?
ফাতিহুল কাদির
f.quadir69@gmail.com
সম্পাদক: আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন তা যথার্থ। কিন্তু তার পরও তো চেষ্টা করে যেতে হবে। আমরা আশা করব, ভবিষ্যতে এসব ক্ষেত্রে পরিবর্তন আসবে। আমরা আমাদের সাংবাদিকদের জবাবদিহিতার ব্যাপারে যথেষ্ট সতর্ক। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ এলে আমরা তদন্ত করে দেখি। কোনো দোষত্রুটি পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিই। এ ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। আমাদের সাংবাদিকদের সেটা মেনে চলতে হয়। আমরাও তাঁদের দায়িত্ব সব সময় স্মরণ করিয়ে দিই। এ পর্যন্ত নানা অভিযোগে আমাদের ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁরা আর বর্তমানে আমাদের পত্রিকায় নেই।
প্রশ্ন: প্রথম আলো কি আমাদের দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পদের হিসাব, বার্ষিক আয়, ব্যয় ইত্যাদি তথ্য জনসমক্ষে কিংবা একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা নিয়ে সামাজিক আন্দোলন শুরু করতে পারে না? আমি কানাডাপ্রবাসী। এখানে কারও বার্ষিক আয় যদি এক লাখ ডলারের বেশি হয়, তাহলে তাঁকে আয়-ব্যয়ের হিসাব একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করতে হয়।
আমিনুল ইসলাম
misla102@uottawa.ca
সম্পাদক: প্রশ্নটি খুব ভালো এবং বিশেষভাবে জরুরি। আমরাও এমনটিই চাই। বর্তমানে যাঁরা ক্ষমতায় আছেন তাঁরা ক্ষমতায় আসার আগে বলেছিলেন, তাঁদের সম্পদের হিসাব দেবেন। কিন্তু এখনো তাঁরা তা দেননি। ভবিষ্যতে আমরা এ রকম কিছু করার আশা রাখি।
প্রশ্ন: প্রথম আলোর সার্কুলেশন বর্তমানে কত?
মাসুদ করিম
masud.karim@yahoo.com
সম্পাদক: প্রথম আলো প্রথম দিনই ছাপা হয়েছিল এক লাখ ২২ হাজার কপি। এখন নিয়মিত ছাপা হয় চার লাখ ২০-২৫ হাজার কপি।
প্রশ্ন: আপনাদের অনলাইন জরিপ কতটা কার্যকর? আপনারা কি এই অনলাইন জরিপের ফলাফল সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেন?
সাফায়েত আনাম
shafayet@techcombank.con.vn
সম্পাদক: আমরা বিভিন্ন বিষয়ে প্রতিদিন জরিপ করে থাকি। এই ফলাফল থেকে সাধারণ পাঠক, তথা মানুষের বিভিন্ন বিষয়ে মনোভাব কিছুটা জানা যায়। তবে এটা প্রচলিত অর্থে জনমত জরিপ নয়। আমরা কেবল জরিপের ফল পত্রিকায় প্রকাশ করে থাকি। কোথাও পাঠাই না। তবে এটা জানি যে সরকারের ভেতরে ও বাইরে এবং ঢাকায় জাতিসংঘের প্রতিনিধিরাও এটা দেখেন এবং এ ব্যাপারে খোঁজ রাখেন।
প্রশ্ন: আমরা চাই সোনার বাংলাদেশ। কিন্তু কিছু লোকের দুর্নীতিতে আজ আমরা পঙ্গু হয়ে গেলাম। কিন্তু কেন? আজ আমরা যাঁরা প্রবাসে আছি, কত কষ্ট করে টাকা রোজগার করে দেশে পাঠাই। আমাদের টাকায় দেশের অর্থনীতির চাকা ঘোরে, কিন্তু আমাদের অর্জনটা কোথায়? আমরা কি এই দুর্নীতির রাহুগ্রাস থেকে কখনো মুক্ত হতে পারব না? আমরা কি পারি না ভারত, মালয়েশিয়ার মতো হতে?
মকবুল আহমেদ
ahmedmukbul@yahoo.com
সম্পাদক: দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। এটি দেশের জন্য একটি বড় সমস্যা। আমাদের দেশের সব সরকারই দুর্নীতি উচ্ছেদের কথা বলে, কিন্তু আসল কাজটি কেউ করে না। তবে আমাদের সবার দেশের দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যেতে হবে। দুর্নীতি পৃথিবীর সব দেশেই রয়েছে। ভারত ও মালয়েশিয়ায়ও যথেষ্ট দুর্নীতি হয়ে থাকে।
প্রশ্ন: আপনি সাংবাদিক না হলে কী হতেন? আপনি সব সময় সার্থক কেন? আপনার সফলতার পেছনে কার অবদান বেশি?
সোহেল
mssohel_78@yahoo.com
সম্পাদক: শৈশবে ইচ্ছা ছিল বৈমানিক হওয়ার। আবার একজন ভালো ক্রিকেট খেলোয়াড় হওয়ারও স্বপ্ন দেখেছি। তবে রাজনীতিতে সক্রিয় থেকেছি প্রায় ২০ বছর। বর্তমানে সাংবাদিক-জীবন নিয়ে খুশি। আমরা যদি সফল হয়ে থাকি, তাহলে এর পেছনে অবশ্যই রয়েছে সততা, নিষ্ঠা আর ব্যাপক পরিশ্রম। আমাদের পত্রিকার সবাই অসম্ভব পরিশ্রম করেন।
প্রশ্ন: সারা বিশ্বে করপোরেট সাংবাদিকতার ফলে গণমাধ্যমের ওপর পাঠকের আস্থা কমে যাচ্ছে। বাংলাদেশে কি এর প্রভাব দেখা যাচ্ছে? আগামী দিন হবে অনলাইন পেপারের যুগ। আপনি কি তা সমর্থন করেন?
এম আর মনা
monamilky@gmail.com
সম্পাদক: করপোরেট সাংবাদিকতা শব্দটির মানে আমি বুঝি না। আমি কেবল বুঝি সাংবাদিকতার ভালো, মন্দ ইত্যাদি। আমাদের উদ্দেশ্য সব সময় সত্য প্রকাশ করা এবং মানুষের কল্যাণ। আমরা আমাদের বিভিন্ন সংবাদ, সম্পাদকীয়, ফিচার প্রভৃতির মাধ্যমে সবার মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা চালাই। পুরো দেশে মানুষের মধ্যে আমাদের পত্রিকার মাধ্যমে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
আমরা জানি, বর্তমানের অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাষ্ট্রে মূল সংবাদপত্রের পাঠক কমে যাচ্ছে। সেসব দেশে অনলাইন সংবাদপত্র ও সেবার পাঠকসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তবে এশিয়ায়, বিশেষ করে ভারত, চীন, জাপান প্রভৃতি দেশে সংবাদপত্রের পাঠক বৃদ্ধি পেয়েছে। আগামী এক দশক এশিয়ায় এই পাঠকসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
