» বিনোদন

এশিয়ার সেরা আবেদনময়ী নারী ক্যাটরিনা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ‘বিশ্বের সেরা আবেদনময়ী এশিয় নারী ২০০৮’ নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক ‘ইস্টার্ন আই’ সাময়িকী প্রণীত তালিকায় গত বছরের সেরা আবেদনময়ী এশিয় নারী বিপাশা বসু দ্বিতীয় স্থান লাভ করেছেন। খবর বার্তা সংস্থা প্রেস টাস্ট অব ইন্ডিয়া’র।

শীর্ষস্থানীয় এই ব্রিটিশ-এশিয় সাময়িকীটি প্রথমে বিশ্ব সেরা দশজন এশিয়ান আবেদনময়ী নারীর একটি তালিকা তৈরি করে। পরে বিচারকদের রায়ে ক্যাটরিনা এবছর ‘বিশ্বের সেরা আবেদনময়ী এশিয় নারী’ নির্বাচত হয়েছেন।

বিচারকদের মধ্যে ছিলেন ‘এশিয়ান উম্যান’ সাময়িকীর সম্পাদক  ব্রায়ানা রেগেল ও ‘এফএইচএম ইন্ডিয়া’র সাবেক সম্পাদক ফরহাত ড্যাডিবুজোর।

‘ইস্টার্ন আই’ সম্পাদক হেমন্ত ভার্মা বলেন, “ক্যাটরিনা কাইফ তার আকর্ষণীয় সৌন্দর্যের জন্যই বলিউডে শীর্ষস্থান অর্জনে সক্ষম হয়েছেন। একারণেই তিনি বেশ কয়েকটি ছবিতে কাজ করার সুযোগ লাভ করেন এবং তার অভিনীত ছবিগুলো ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে।”

এই তালিকায় লন্ডনে বেড়ে ওঠা ক্যাটরিনা গত বছরের সেরা আবেদনময়ী বিপাশা বসু ও ২০০৬ সালের সেরা প্রিয়াঙ্কা চোপরাকে পেছনে ফেলে শীর্ষস্থান লাভ করেছেন। কারিনা কাপুর তালিকায় তৃতীয় স্থান পেয়েছেন।

এবছর আবেদনময়ী নারীদের তালিকায় স্থান পাওয়া নতুন তারকারা হলেন- পাকিস্তানী অভিনেত্রী মেহউইশ হায়াত (৯ম), মিস ইন্ডিয়া ইউনিভার্স সিমরান কাউর মুন্ডি (১০ম), সাবেক মিস শ্রী লঙ্কা জ্যাকুলিন ফার্নান্দেজ (১২ তম) ও দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অসিন (২২ তম)।

সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই তালিকায় সপ্তম স্থান লাভ করেছেন।